বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়ন কাঠামো নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় দেশের ক্রিকেটের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। তৃণমূল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেট, কোচিং কাঠামো এবং খেলোয়াড় বিকাশ—সব ক্ষেত্রেই সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের বিদ্যমান কাঠামো গভীরভাবে পর্যালোচনা করা হয়। এই দুই স্তরের ক্রিকেট কতটা কার্যকরভাবে খেলোয়াড় তৈরি করতে পারছে, তা মূল্যায়নের পাশাপাশি কোথায় ঘাটতি রয়েছে এবং কীভাবে উন্নয়ন আনা যায়—সেসব বিষয় চিহ্নিত করা হয়েছে। বিশেষভাবে বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা এবং বয়স যাচাই পদ্ধতি আরও কঠোর ও স্বচ্ছ করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
সভায় কোচিং কাঠামোর সংস্কারেও গুরুত্ব দেওয়া হয়। খেলোয়াড় উন্নয়নে সফল কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালুর প্রস্তাব এসেছে, যাতে মাঠপর্যায়ে মানসম্মত কোচিং আরও উৎসাহিত হয়। একই সঙ্গে দেশজুড়ে ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সব ক্রিকেটারের একটি কেন্দ্রীয় ও বিস্তৃত ডাটাবেজ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এই ডাটাবেজ ভবিষ্যতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন ও ধারাবাহিক উন্নয়ন পর্যবেক্ষণে সহায়ক হবে বলে মনে করছে বোর্ড।
বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো নিয়েও আলোচনা হয়েছে সভায়। কোচদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে একটি সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ ক্যারিয়ার পথ নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, যাতে কোচিং পেশাকে আরও টেকসই ও আকর্ষণীয় করে তোলা যায়।
এছাড়া কোচদের প্রশিক্ষণ পদ্ধতি ও গেম এডুকেশন কারিকুলাম যুগোপযোগী করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি বিদ্যমান প্রশিক্ষণ কাঠামো পর্যালোচনা করে আধুনিক ক্রিকেটের চাহিদা অনুযায়ী তা হালনাগাদ করবে।
সভায় অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য একটি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালুর প্রস্তাবও উঠে আসে। বিসিবির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই অ্যাকাডেমিকে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই আলোচনায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিনসহ কোচিং, নির্বাচন ও হাই-পারফরম্যান্স ইউনিটের সংশ্লিষ্টরা।
বিসিবির এই উদ্যোগকে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাস্তবায়ন কার্যকর হলে তৃণমূল থেকে জাতীয় দল পর্যন্ত একটি সমন্বিত ও টেকসই ক্রিকেট উন্নয়ন ব্যবস্থার পথ তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন :