ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিশ্রুতি আর পাল্টা প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ দুপুর

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ছয়টি সংসদীয় আসনে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিন-রাত এক করে ভোটারদের কাছে পৌঁছাতে সমাবেশ, পথসভা, উঠান বৈঠক ও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার কর্মসূচি চলছে। উন্নয়ন পরিকল্পনা, অধিকার প্রতিষ্ঠা ও স্থানীয় সমস্যার সমাধানের নানা প্রতিশ্রুতিতে মুখর হয়ে উঠেছে পুরো অঞ্চল, ফলে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে।

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করছেন, নির্বাচনের আগে ও পরে জনগণের পাশে থাকার রাজনীতিতেই তিনি বিশ্বাসী। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে সুরমা নদী ড্রেজিং ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই আসনে আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা বহুমুখী রূপ নিয়েছে।

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলে ভোট চাইছেন। তিনি দাবি করছেন, এম ইলিয়াস আলীর নিখোঁজের পর এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক জীবনের নিশ্চয়তার অঙ্গীকার করছেন তিনি। এ আসনে ১১ দলীয় জোটসহ একাধিক দলের প্রার্থী মাঠে রয়েছেন।

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক সংসদে এলাকার সমস্যা জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করছেন তিনি। এখানে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও সক্রিয় প্রচারণা চালাচ্ছেন।

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধর্মকে ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এই এলাকা থেকে বিপুল রাজস্ব আদায় হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, এবার ন্যায্য হিস্যা আদায়ের সময় এসেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিজ নিজ অবস্থান তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

সিলেট-৫ আসনে বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক দীর্ঘদিনের অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের চিত্র বদলানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সংকট নিরসনের আশ্বাস দিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। এখানে স্বতন্ত্রসহ একাধিক দলের প্রার্থীর উপস্থিতিতে প্রতিযোগিতা তীব্র হচ্ছে।

সিলেট-৬ আসনে নির্বাচনী প্রচারণায় স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় সামনে আনছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থানের কথা বলেন। বিপরীতে জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনও জোরালো প্রচারণা চালাচ্ছেন, যার একটি বক্তব্য ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। এ আসনেও একাধিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সব মিলিয়ে সিলেটের ছয়টি আসনেই ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতি, বক্তব্য আর পাল্টা বক্তব্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ ও কৌতূহল।

Link copied!