দৈনিক পরিবর্তন সংবাদ

নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না: আ.লীগ নেতাকর্মীদের নুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শান্তিতে থাকলে শান্তিতে থাকতে পারবেন, কিন্তু নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নুরুল হক নূর বলেন, রাতের আঁধারে রাস্তাঘাটে ককটেল বিস্ফোরণ ঘটানো কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে গণঅভ্যুত্থান ও আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তির রাজনৈতিক কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ। এরপরও কেউ আইন অমান্য করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিক দল ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধা। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম ইমরান শাহিনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত যুবসমাজ গড়ার আহ্বানঅনুষ্ঠানে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।তিনি জানান, ইতোমধ্যে দশমিনা উপজেলার চারটি খেলার মাঠ সংস্কার করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া চলছে।আয়োজকদের তথ্য অনুযায়ী, দীর্ঘ বিরতির পর নতুনভাবে উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের মাধ্যমে এ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়নের দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতির উদ্বোধনী ম্যাচে বহরমপুর ইউনিয়নকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আলীপুর ইউনিয়ন।এদিকে, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলীপুর ও রণগোপালদী ইউনিয়নের চারটি পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।

নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না: আ.লীগ নেতাকর্মীদের নুর