মুক্তির আগেই বিতর্ক যেন এই সিনেমা ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ। সুদীপ্ত সেন পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত প্রায় দুই মিনিট ছয় সেকেন্ডের টিজারে একাধিক নারীর আতঙ্কিত ও ভগ্নস্বপ্নের গল্প তুলে ধরা হয়েছে। টিজারে দেখা যায় সুরেখা নাইয়ার ও নেহা সন্তসহ কয়েকটি চরিত্রকে, যাদের কণ্ঠে শোনা যায় আবেগঘন সংলাপ—“আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, তারা ফাঁদে পড়ে। এবার তারা আর সহ্য করবে না, ঘুরে দাঁড়াবে।”
টিজারজুড়ে বিভিন্ন নারী চরিত্র তাদের অপূর্ণ স্বপ্নের কথা বলতে থাকেন। কেউ প্রশাসনিক কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কেউ নামী নৃত্যশিল্পী হওয়ার আশা করেছিলেন। আবার এক নারী চরিত্র দাবি করেন, ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়ার আশায় তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে—এমন ইঙ্গিতই স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ভিডিওটিতে ‘লাভ জেহাদ’ প্রসঙ্গের উল্লেখের পাশাপাশি একটি নির্দিষ্ট ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব কারণে সিনেমাটি আবারও সাম্প্রদায়িক বিভাজন ও রাজনৈতিক বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করছেন একাংশ দর্শক ও বিশ্লেষক।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’। উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’ দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। ছবিটিকে অনেকেই রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দিয়েছিলেন। বিজেপি সিনেমাটির পক্ষে অবস্থান নিলেও একাধিক রাজনৈতিক দল এর বিরোধিতা করে। সাম্প্রদায়িক উত্তেজনার অভিযোগে পশ্চিমবঙ্গে সিনেমাটি নিষিদ্ধও করা হয়েছিল, যা নিয়ে দীর্ঘদিন আইনি ও রাজনৈতিক টানাপোড়েন চলেছিল।
সিক্যুয়েলের টিজার সামনে আসতেই সেই পুরনো বিতর্ক নতুন করে ফিরে আসবে কি না—এখন সেদিকেই নজর সিনেমাপ্রেমী ও চলচ্চিত্রমহলের।

আপনার মতামত লিখুন :