ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচিত হলে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ দুপুর

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশকে কঠোর শাস্তির জায়গায় পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ক্ষমতায় এলে ঋণখেলাপিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটি ব্যাংক লুটেরা ও ঋণখেলাপিদের জন্য একটি স্পষ্ট বার্তা। নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য ভবিষ্যতের বাংলাদেশ হবে অত্যন্ত কঠোর।

এর আগে একই দিন সকালে আপিল বিভাগ কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের এই আদেশের ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন হাসনাত আবদুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

গত ১৭ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হয়। পরে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি খারিজ করে দেয়, যা পরবর্তীতে আপিল বিভাগেও বহাল থাকে।

এই রায়ের মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসনে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Link copied!