ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লা-৪

হাসনাতের আসনে লড়তে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ দুপুর

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এবার নির্বাচনে অংশ নিতে পারছেন না। আপিল বিভাগের সর্বশেষ রায়ে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আবেদন খারিজ করা হয়েছে। এ নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, এটি ঋণখেলাপিদের বিরুদ্ধে জনগণের বিজয়।

রোববার সকালে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ এ তথ্য প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি মন্তব্য করেন, “বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে জনগণের জয় হয়েছে।”

এর আগে মঞ্জুরুল আহসান মুন্সী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন। বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রিট সরাসরি খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগে আবেদন করলে সেটিও বাতিল হয়। ফলে নির্বাচনে তার অংশগ্রহণের সুযোগ শেষ হয়ে যায়।

মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তা বৈধ ঘোষণা করেছিলেন। তবে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। তার অভিযোগ ছিল, বিএনপি প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৭ জানুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে ইসি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করেন, ফলে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়।

মঞ্জুরুল আহসান তার নির্বাচনী অংশগ্রহণ ফিরিয়ে পেতে গত সোমবার এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন, যা আপিল বিভাগও বাতিল করেছে।

Link copied!