ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধান পদত্যাগ করেছেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৩৩ দুপুর

ছবি: সংগ্রহীত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শীর্ষ দুই কর্মকর্তা—মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস—পদত্যাগ করেছেন। পদত্যাগের পেছনে মূল কারণ হিসেবে বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশনে “গুরুতর এবং সামগ্রিক পদ্ধতিগত পক্ষপাতিত্বের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) পদত্যাগের ঘোষণা দেন তারা। পাঁচ বছর দায়িত্বে থাকা টিম ডেভি ক্রমশ বিভিন্ন বিতর্ক ও পক্ষপাতের অভিযোগের চাপের মুখে ছিলেন। অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের একটি ভিডিও “সম্পাদনা-কারসাজি” করে এমনভাবে উপস্থাপন করা, যেন মনে হয় তিনি ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গা উসকে দিয়েছেন।

ডেভি এক বিবৃতিতে বলেছেন, “কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।” একই সঙ্গে, হোয়াইট হাউস বিবিসিকে “বামপন্থি প্রপাগান্ডা মেশিন” হিসেবে সমালোচনা করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অভিযোগ করেছেন, ট্রাম্পের ভাষণকে বিকৃতভাবে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত ফাঁস হওয়া অভ্যন্তরীণ বিবিসি মেমোর তথ্যমতে, প্যানোরামা কর্মসূচিতে ট্রাম্পের দুটি বক্তব্যের মধ্যে ৫৪ মিনিট ব্যবধান থাকলেও ভিডিও একত্রে দেখানো হয়েছিল। পদত্যাগের পরও বিবিসির শীর্ষ দুই কর্মকর্তাকে হোয়াইট হাউস সমালোচনা করেছে।

Link copied!