আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ট্রেনযাত্রায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ করে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঠেকাতে এবার তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে গণমাধ্যমকে এ তথ্য জানান স্টেশন ম্যানেজার কবির হোসেন। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের চাপ ইতোমধ্যেই বেড়েছে। সকাল থেকেই একের পর এক আন্তঃনগর ট্রেন ছেড়ে যাচ্ছে রাজধানী থেকে।
রেলওয়ে সূত্র জানায়, টিকিট ছাড়া কাউকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে স্টেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ নিরাপত্তা টিম কাজ করবে।
স্টেশন ম্যানেজার কবির হোসেন জানান, ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ৪৫ হাজার আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে সর্বনিম্ন শ্রেণিতে অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার যাত্রীকে ট্রেনে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ঈদযাত্রায় দুর্ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে যাত্রীদের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :