খুলনা নগরীতে একটি বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদল–সংশ্লিষ্ট এক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও একজন গুলিবিদ্ধ হন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এখন শঙ্কামুক্ত।
বৃহস্পতিবার দুপুরে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজার এলাকায় জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাসুম বিল্লাহ স্থানীয় বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী বলে জানা গেছে। অপর আহত জাহিদ তার পরিচিত ব্যক্তি।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় পারভেজ নামে এক ব্যক্তি সেখানে প্রবেশ করেন। কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে গুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করেন। পরে কার্যালয়ের ভেতরে গিয়ে দেখা যায়, মাসুম বিল্লাহর পায়ে এবং জাহিদের হাতে গুলির আঘাত রয়েছে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ বলছে, অভিযুক্ত পারভেজ ও মাসুম বিল্লাহ আগে থেকেই পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত।
লবণচরা থানার পুলিশ জানায়, মাসুমকে লক্ষ্য করে গুলি চালানোর সময় জাহিদ বাধা দিতে গেলে তিনিও আহত হন। পরে আরেক দফা গুলিতে মাসুম আহত হন। ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :