দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় আবারও পরিবর্তন এসেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ প্রশাসনে। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া একাধিক উপাচার্য (ভিসি) পদত্যাগ করেছেন বা অব্যাহতি পেয়েছেন। তাদের অনেকেই এখন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষকতার পদে ফিরে যাচ্ছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসিদের পদত্যাগের ঢল নামে। পরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয়। তবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় আন্দোলন ও অস্থিরতার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বরিশাল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভিসিরা পদত্যাগ করেন।
নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রথম বড় পরিবর্তন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। পরে তিনি ড. ইউনূসের প্রতিষ্ঠিত বেসরকারি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পরামর্শক হিসেবে যোগ দেন।
এরপর গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১১টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি দেয়। একইসঙ্গে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণাও আসে। অব্যাহতি পাওয়া ভিসিদের অধিকাংশকে তাদের আগের একাডেমিক পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান আবার পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বে ফিরছেন। ডুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ফিরছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. হায়দার আলী নিজ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মো. আতিয়ার রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ফিরে যাচ্ছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমও নিজ নিজ বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেবেন।
অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এস এম আব্দুল আওয়াল পদত্যাগের পর নতুন দায়িত্ব পেয়েছেন সরকারের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে।
বিশ্ববিদ্যালয় অঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পরিবর্তনের প্রভাব দেশের উচ্চশিক্ষা প্রশাসনেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর নীতিনির্ধারণী পদে পরিবর্তন এখন প্রায় নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন :