দেশের বিভিন্ন নদীপথে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। একই সময়ে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নদীকেন্দ্রিক অপরাধ দমন, অবৈধ জাল ব্যবহার এবং জলজ সম্পদ রক্ষায় দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন নদী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। নৌ পুলিশের তথ্যমতে, সাত দিনে প্রায় ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, প্রায় ২ লাখ বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। একই সঙ্গে নদীর বিভিন্ন অংশ থেকে ১৭৯টি ঝোপঝাড় অপসারণ করা হয়েছে।
নদীপথে অনিয়ম ঠেকাতে কাগজপত্রবিহীন ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা করা হয়েছে। এছাড়া অভিযানে দুটি ড্রেজারও জব্দ করা হয়েছে বলে জানায় নৌ পুলিশ।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী অভিযানে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মৎস্য আইন, বেপরোয়া গতি, মাদক, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি অপমৃত্যুর মামলাও নথিভুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :