দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিভিন্ন সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি ঢাকা শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ কয়েকটি পদেও পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ১০টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন করা হয়েছে। এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।
নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিলেটের মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। তিনি আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ছাড়া রাজধানীর পল্লবী সরকারি কলেজে অধ্যাপক তাসলীমা আক্তার, বরিশাল টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপক ড. ফোরকান মিয়া, মাগুরা সরকারি কলেজে অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের সরকারি সাদত কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক পারভীন আক্তার। একইভাবে রংপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. শাহজাহান নাসির।
অন্যদিকে কয়েকটি সরকারি কলেজে উপাধ্যক্ষ পদেও নতুন পদায়ন দেওয়া হয়েছে। সরকারি সাদত কলেজে সৈয়দ মো. শরিফ ইস্পাহানি, টঙ্গী সরকারি কলেজে ড. আবুল কালাম আজাদ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসাইন নতুন দায়িত্ব পেয়েছেন।
একই সঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রশাসনেও পরিবর্তন এসেছে। নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। আর বোর্ডের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। বর্তমান সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ ছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদুজ্জামান।

আপনার মতামত লিখুন :