ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬
নালিতাবাড়ীতে ভয়াবহ যানজট

হাসপাতালে পৌঁছানোর আগেই ভ্যানে রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ০৯:৩৯ সকাল

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে তীব্র যানজটে আটকে থেকে হাসপাতালে পৌঁছাতে না পেরে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভোগাই ব্রিজসংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মৃত আমিনুল ইসলাম (৪৮) উপজেলার গুজাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ভ্যানগাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে ভয়াবহ যানজটে আটকে পড়ে ভ্যানটি। প্রায় এক ঘণ্টা যানবাহনের চাপে আটকে থাকার কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে ভ্যানগাড়িতেই মারা যান আমিনুল ইসলাম।

স্বজনদের দাবি, দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে হয়তো তার জীবন বাঁচানো সম্ভব হতো।

মৃতের স্বজন জিহাদ হাসান বলেন, চোখের সামনে তারা একজন অসুস্থ মানুষকে নিয়ে অসহায় অবস্থায় আটকে ছিলেন। সেখানে কার্যকর ট্রাফিক ব্যবস্থা থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নালিতাবাড়ী শহরে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ পার্কিং, অটোরিকশার বিশৃঙ্খল চলাচল এবং মালবাহী যানবাহনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি জরুরি রোগী পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে।

মৃতের ফুফাতো ভাই মো. রাসেল জানান, হাসপাতাল খুব কাছেই থাকলেও যানজটের কারণে সেখানে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যায়। এমন পরিস্থিতিতে রোগীকে অন্যভাবে হাসপাতালে নেওয়ার সুযোগও ছিল না।

এ বিষয়ে আশরাফুজ্জামান, নালিতাবাড়ী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে বাজার এলাকায় ধানের হাট এবং মালবাহী ট্রাক যত্রতত্র পার্কিং করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

Link copied!