ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের ইঙ্গিত, বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৪:২১ দুপুর

সংগৃহীত

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। পরীক্ষার তারিখ নিয়ে অংশীজনদের মতামত বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে আরও আলোচনা শেষে প্রয়োজন হলে পূর্বঘোষিত সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

মন্ত্রী জানান, পবিত্র রমজান মাসের বিষয়টি মাথায় রেখেই পরীক্ষার সময় এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছিল। প্রাথমিকভাবে ফেব্রুয়ারির শেষ দিকে পরীক্ষা নেওয়ার চিন্তা থাকলেও রমজানের সময়সূচির কারণে তা জানুয়ারির শুরুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই সিদ্ধান্ত ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও মতামত সামনে এসেছে। অনেকেই রমজানের পর পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন। এসব বিষয় পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাবর্ষের কার্যক্রমকে আরও নিয়মতান্ত্রিক করতে এবং সেশনজট কমিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। সে লক্ষ্যে পরীক্ষার সময়সূচি ও শিক্ষা কার্যক্রমকে আরও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হওয়ার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছিল। তবে নতুন আলোচনার প্রেক্ষাপটে সেই সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

Link copied!