ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬

তোফায়েল আহমেদের শেষ ঠিকানা ভোলায়, বাবা-মায়ের কবরের পাশেই দাফন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৬:০৬ বিকাল

সংগৃহীত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। নিজ জেলা ভোলার পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভোলার কোড়ালিয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ অংশ নেন।

জানাজার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

তোফায়েল আহমেদের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। পরিবারের সদস্যরা তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, তোফায়েল আহমেদ কেবল একটি দলের নেতা ছিলেন না, তিনি ভোলার মানুষের কাছে একজন অভিভাবকের মতো ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এর আগে দুপুরে হেলিকপ্টারে করে তার মরদেহ ঢাকা থেকে ভোলায় আনা হয়। জানাজা ও দাফনকে কেন্দ্র করে পুরো এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেন।

Link copied!