ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপসারণ, নিবিড় পর্যবেক্ষণে অভিনেত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ দুপুর

ছবি: সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টির চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন সফল হলেও এখনই তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে জানান, সৃষ্টিকর্তার কৃপায় অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে শেষ হয়েছে এবং টিউমার অপসারণ করা গেছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই জটিল সার্জারির পর অন্তত ২৪ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখা হবে। অস্ত্রোপচারের পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এ কারণে সবার কাছে অভিনেত্রীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এদিকে হাসপাতাল প্রাঙ্গণে অপ্রয়োজনীয় ভিড় বা অতিরিক্ত ফোনকলের মাধ্যমে পরিবারের ওপর চাপ সৃষ্টি না করার অনুরোধও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্তমান সময়ের ব্যস্ত অভিনয়শিল্পীদের একজন তানিয়া বৃষ্টি। নিয়মিত নাটকে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। অল্প সময়ের ব্যবধানে মুক্তি পাওয়া তার একাধিক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে।

২০১৫ সালে আকরাম খান পরিচালিত ঘাসফুল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরে ২০১৯ সালে মুক্তি পাওয়া গোয়েন্দাগিরি সিনেমাতেও অভিনয় করেন তিনি।

দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই অভিনেত্রী। নির্মাতা রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ শিরোনামের একটি নতুন সিনেমায় তার অভিনয়ের কথা রয়েছে।

Link copied!