টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ভারত-পাকিস্তান দ্বৈরথে মাঠের বাইরে যত আলোচনা থাকুক, মাঠের খেলায় একতরফা আধিপত্য দেখিয়েছে ভারত। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ-এ থেকে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে তারা। তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপের শীর্ষেও উঠে গেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের অন্যতম বড় জয়।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো প্রতিরোধই গড়তে পারেনি পাকিস্তান। মাত্র ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় তারা।
ম্যাচটি আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার প্রতিবাদে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান সরকার। শেষ পর্যন্ত আর্থিক ক্ষতির আশঙ্কায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। তবে মাঠের পারফরম্যান্সে কোনো চমক দেখাতে পারেনি সালমান আগার দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অভিষেক শর্মা রানের খাতা খোলার আগেই ফেরেন। কিন্তু সঙ্গীর বিদায়ে বিচলিত না হয়ে পাকিস্তানি বোলারদের ওপর ঝড় তোলেন ইশান কিশান। মাত্র ২৭ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। ৪০ বলে ৭৭ রানের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও ১০টি চার। তার আগ্রাসী ব্যাটিংয়ে ৮.৪ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৮৮, যার মধ্যে ৭৭ রানই আসে কিশানের ব্যাট থেকে। শেষ পর্যন্ত স্পিনার সাইম আইয়ুব তাকে ফিরিয়ে দেন।
কিশানের বিদায়ের পর কিছুটা চাপে পড়ে ভারত। তিলক বর্মা ২৫ রান করে এলবিডাব্লিউ হন, পরের বলেই হার্দিক পান্ডিয়া আউট হয়ে আইয়ুবকে হ্যাটট্রিকের সুযোগ এনে দেন। যদিও শিভম দুবে সেই হ্যাটট্রিক হতে দেননি। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করে দলকে দেড়শ পার করান। শেষদিকে দুবের ২৭ রান ও রিঙ্কু সিংয়ের ১১ রানে অপরাজিত থাকা ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধস নামে পাকিস্তানের ইনিংসে। দুই ওভারের মধ্যে ১৩ রানে তিন উইকেট হারায় তারা। হার্দিক পান্ডিয়া ফেরান সাহেবজাদা ফারহানকে, একই ওভারে জসপ্রীত বুমরার শিকার হন সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আগা। পাঁচ রান করে ফিরেন বাবর আজমও। পাওয়ারপ্লে শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৮।
এরপর উসমান খান ৩৪ বলে ৪৪ রানের লড়াই করলেও অক্ষর প্যাটেলের কৌশলে স্টাম্পড হয়ে বিদায় নিলে শেষ আশা নিভে যায়। শাহীন আফ্রিদি ১৯ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।
বল হাতে ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। দাপুটে জয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করে আত্মবিশ্বাসী অবস্থায় পরবর্তী পর্বে পা রাখল ভারত।

আপনার মতামত লিখুন :