ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬
চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি

ইরানকে আবারও কড়া বার্তা দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ০৯:৫৫ সকাল

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে দ্রুত কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে, অন্যথায় ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হতে পারে দেশটি।

বুধবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান চাইলে চুক্তির পথে আসতে পারে, না হলে তাদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠবে।” তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক প্রস্তুতি ও অস্ত্র মোতায়েনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতার প্রসঙ্গ তুলে ট্রাম্প দাবি করেন, তেহরান ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে মোতায়েন করছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এসব কার্যক্রম সম্পর্কে অবগত এবং প্রয়োজন হলে দ্রুত জবাব দিতে সক্ষম।

যদিও বক্তব্যের বড় অংশজুড়ে ছিল কঠোর অবস্থান, তবুও ইরানের বর্তমান প্রশাসনের কিছু কর্মকর্তাকে তুলনামূলক ‘বাস্তববাদী’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, আগের নেতৃত্বের তুলনায় বর্তমান কিছু কর্মকর্তা আলোচনায় বেশি আগ্রহী ও কৌশলী।

সাক্ষাৎকারে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়ার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ট্রাম্প বলেন, এটি নিরাপত্তা ইস্যুর পাশাপাশি আন্তর্জাতিক জনমত ব্যবস্থাপনারও একটি অংশ। তার দাবি, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অতিরিক্ত আলোচনা হলেও যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর পূর্ণ নজর রাখছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে বিরোধের মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আঞ্চলিক কূটনীতিতে চাপ বাড়াতে পারে।

 

Link copied!