এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট টাইটান্স। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে শেষ বলের ছক্কায় ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ক্রিস ওকস। তার ব্যাট থেকে আসা ছক্কাতেই ফাইনালের আরও এক ধাপ কাছে পৌঁছে যায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মিরাজ। শুরুতেই এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। মাত্র ২৯ রানের মধ্যেই তাওহীদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস ও কাইল মেয়ার্স সাজঘরে ফেরেন।
এরপর খুশদিল শাহ আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১৯ বলে ৩০ রান করা এই ব্যাটসম্যান তিনটি ছক্কা হাঁকান। তাকে সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে খুশদিল আউট হতেই আবারও ব্যাটিং ধস নামে। মাহমুদউল্লাহ ২৬ বলে ৩৩ রান করলেও নুরুল হাসান সোহান ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রানেই থামে রংপুর।
সিলেটের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন খালেদ আহমেদ। ১৫ রানে ৪ উইকেট নিয়ে রংপুরের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। ক্রিস ওকস নেন ২ উইকেট, নাসুম আহমেদও সমান উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে সিলেট। মাত্র ২ রানে তৌফিক খান আউট হন। পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৮ রান করে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আরিফুল ইসলাম ও আফিফ হোসেন দ্রুত ফিরে গেলে ম্যাচে ফেরে রংপুর।
মাঝের ওভারে অধিনায়ক মিরাজ ও স্যাম বিলিংস ধৈর্য ধরে খেলতে থাকেন। ধীরগতির রান সংগ্রহে চাপ বাড়ে। মিরাজ ২৩ বলে ১৮ রান করে আউট হলে সমীকরণ কঠিন হয়। পরে বিলিংস ৪০ বলে ২৯ রান করে বিদায় নেন।
শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। শেষ ওভারে ৯ রান দরকার থাকলেও মঈন আলী আউট হলে উত্তেজনা চরমে ওঠে। কিন্তু শেষ বলে ৬ রান প্রয়োজন থাকা অবস্থায় ক্রিস ওকস বিশাল ছক্কা হাঁকিয়ে সিলেট টাইটান্সকে জয় এনে দেন।
এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে সিলেট টাইটান্স। এলিমিনেটর ম্যাচ হেরে এবারের বিপিএল থেকে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স।

আপনার মতামত লিখুন :