ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শুক্রবার থেকে বদলাতে পারে আবহাওয়া, বাড়বে বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৮:৩৭ রাত

সংগৃহীত

দেশের বিস্তীর্ণ অঞ্চলে চলমান তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও শিগগিরই কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, ফলে তাপমাত্রাও ধীরে ধীরে কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার দেশের ৪৮টি জেলার ওপর মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে গেছে। চলতি বছরে একসঙ্গে এত বড় এলাকায় তাপপ্রবাহ বিস্তারের ঘটনা এটিই প্রথম।

আবহাওয়াবিদদের মতে, সাধারণত মে মাসের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশে প্রবেশ করলেও এবার তা কিছুটা বিলম্বিত হয়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

তবে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে। এর প্রভাবে শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদদের ধারণা, বৃষ্টিপাত শুরু হলে তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। তবে চলতি মাসজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলেও জানিয়েছেন তারা।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি বায়ুর পূর্ণাঙ্গ প্রবেশের পর দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং গরমের অস্বস্তিও অনেকটাই কমে যাবে।

Link copied!