ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

‘৭ দিনেও ডিআইজির সাড়া মেলেনি, ক্ষোভ বিএনপি এমপি মোবাশ্বের ভূঁইয়ার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৯:৫০ রাত

মোবাশ্বের ভূঁইয়া ও ডিআইজি মোঃ মনিরুজ্জামান।

পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) ফোন ও বার্তা পাঠিয়েও সাত দিন ধরে কোনো সাড়া না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-১০ আসনের বিএনপির সংসদ সদস্য মোবাশ্বের ভূঁইয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর একটি বক্তব্য ভাইরাল হয়েছে।

রোববার (১৭ মে) নিজের ফেসবুক পোস্টে মোবাশ্বের ভূঁইয়া দাবি করেন, জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে বিভিন্ন দপ্তরের সহযোগিতা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁকে। তিনি লেখেন, ডিআইজিকে ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে একাধিকবার কল ও বার্তা পাঠালেও সাত দিনেও কোনো জবাব পাননি।

ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্য হয়েও যদি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে না পারেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে।

একই পোস্টে ফায়ার সার্ভিসের একটি বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মোবাশ্বের ভূঁইয়া। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট এক কর্মকর্তা নির্বাচনি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির কথা শোনার প্রসঙ্গ তুলেছেন, যা তাঁকে বিস্মিত করেছে।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোবাশ্বের ভূঁইয়া বলেন, তিনি এলাকার ফায়ার সার্ভিস–সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে গিয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। এ ঘটনায় তিনি হতাশা প্রকাশ করেন এবং নির্বাচনি এলাকার উন্নয়নকাজে বাধা সৃষ্টি হলে তা জনগণকে জানানো নিজের দায়িত্ব বলেও মন্তব্য করেন।

ডিআইজির প্রসঙ্গে তিনি জানান, আগে ঢাকায় সরাসরি সাক্ষাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সহযোগিতা চেয়েছিলেন। পরে ফোন ও বার্তা দিলেও সাড়া পাননি বলে দাবি করেন তিনি। তবে ডিআইজি ব্যস্ত থাকতেও পারেন বলে মন্তব্য করেন সংসদ সদস্য।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Link copied!