প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১২০ প্লাটুন
নিজস্ব প্রতিবেদক ||
দেশের কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুরসহ সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন গোপালগঞ্জে। জেলাটিতে দায়িত্ব পালন করছেন ৫৬ প্লাটুন বিজিবি সদস্য। এ ছাড়া গাজীপুরে ১৯, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭, চট্টগ্রামে আট, নারায়ণগঞ্জে সাত, কক্সবাজারে সাত এবং ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।বিজিবি জানিয়েছে, সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়াতে সদস্যদের সতর্ক রাখা হয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রম তদারকিতে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে।সীমান্ত নিরাপত্তার নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরেও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে বাহিনীটি। সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত