প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
এনআইডি সেবায় দুর্নীতি-হয়রানি বন্ধে কঠোর হবে ইসি: সিইসি
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা কার্যক্রমে দুর্নীতি ও হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিইসি।তিনি বলেন, এনআইডি সেবাকে দুর্নীতিমুক্ত করতে কমিশন কঠোর পদক্ষেপ নিতে চায়। অতীতের বিষয় নিয়ে দোষারোপ না করে জনগণকে মানসম্মত সেবা দেওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এ সময় এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি।নাগরিকদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতিও কঠোর নির্দেশনা দেন সিইসি।অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এখন পর্যন্ত এনআইডি সংশোধনের ৬৫ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে গত দুই বছরে নিষ্পত্তি হয়েছে ১৭ লাখের বেশি আবেদন।তিনি বলেন, আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। নাগরিকদের অসাবধানতা, বিভিন্ন দোকানের ওপর অতিরিক্ত নির্ভরতা, অসততা ও প্রতারণার মতো বিষয় দুর্নীতির সুযোগ তৈরি করছে।এনআইডি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিকদের হয়রানি কমাতে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে বলে কর্মশালায় গুরুত্ব দেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত