প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নওশাদ আকরাম, স্টাফ রিপোর্টার ||
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে চট্টগ্রামের সন্দ্বীপে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মিলনায়তনে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন সন্দ্বীপ সমিতি ঢাকার সাবেক সভাপতি মো. আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী।শুভেচ্ছা বক্তব্য দেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন এনাম নাহার মোড় ব্যবসা কল্যাণ সমিতির আহ্বায়ক আসিফ আকতার এবং যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার।বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি প্রদানের পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। তাঁরা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ।
অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত