প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
মহাষষ্ঠীর রাতেও প্রতিমার কাজে ব্যস্ত বেড়ার শিল্পীরা
পাবনার বেড়া প্রতিনিধি ||
দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনেও পাবনার বেড়া পৌর এলাকার কয়েকটি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়নি। কোথাও চলছে রং করার কাজ, কোথাও প্রতিমার শেষ মুহূর্তের সাজসজ্জা। পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও প্রতিমার কাজ সম্পন্ন করতে শুক্রবার রাতেও ব্যস্ত সময় পার করেছেন শিল্পীরা। কারও কাজ শেষ হয়েছে সন্ধ্যার পর, আবার কাউকে কাজ শেষ করতে রাত জাগার প্রস্তুতি নিতে হয়েছে।শুক্রবার রাত আটটার দিকে বেড়া পৌর এলাকার চরপাড়া মহল্লার একটি বাড়ির পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হলেও রং করার কাজ তখনো বাকি। প্রতিমাশিল্পী কানাই পাল সহকারীদের নিয়ে কাজ করছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিমার কাজ পুরোপুরি শেষ করতে রাতভর পরিশ্রম করতে হতে পারে।একই মহল্লার চরপাড়া বারোয়ারি পূজামণ্ডপেও তখন চলছিল প্রতিমায় রং করার কাজ। দুই সহকারীকে সঙ্গে নিয়ে কাজ করছিলেন শিল্পী বিনয় পাল। তিনি বলেন, এবারও অনেক শিল্পীর প্রতিমা তৈরির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি। তিনি চারটি প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছিলেন। এর মধ্যে তিনটির কাজ শেষ করে দিয়েছেন। নিজের মহল্লার প্রতিমাটির কাজ বাকি থাকলেও রাতের মধ্যেই তা শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।বেড়ায় পেশাদার প্রতিমাশিল্পী রয়েছেন প্রায় ১৫ জন। তাঁদের বাড়ি উপজেলার মালদাপাড়া, আমিনপুর ও চরপাড়া গ্রামে। তাঁদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেন আরও ২০ থেকে ২৫ জন। বেড়ার প্রতিমার সুনাম থাকায় স্থানীয় এলাকার বাইরেও পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপের জন্য প্রতিমা তৈরির কাজ পান তাঁরা। একজন শিল্পীকে একসঙ্গে আট থেকে দশটি পর্যন্ত প্রতিমা তৈরির দায়িত্ব নিতে হয়। ফলে পূজার আগে কাজের চাপও বেড়ে যায় কয়েক গুণ।দুর্গাপূজার মৌসুম ছাড়া বছরের অন্য সময়ে এসব শিল্পী ও তাঁদের সহযোগীরা মাটির তৈরি বিভিন্ন সামগ্রী নির্মাণ করেন। তবে আগের তুলনায় এসব পণ্যের চাহিদা কমে যাওয়ায় সারা বছর মৃৎশিল্পের কাজ করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পূজার মৌসুমে একসঙ্গে অনেক প্রতিমার ফরমাশ পাওয়ায় তাঁদের আয়ের সুযোগ তৈরি হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ সামলাতে হয়।প্রতিমাশিল্পী ধনু পাল এবার ১০টি প্রতিমা তৈরির কাজ নিয়েছেন। সর্বশেষ প্রতিমাটির কাজ করতে তিনি পাবনা শহরে গিয়েছিলেন। শুক্রবার রাত নয়টার দিকে মুঠোফোনে তিনি বলেন, প্রতিমার কাজ প্রায় শেষ। ঘণ্টাখানেকের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছেন। বাকি প্রতিমাগুলোর কাজ আগেই শেষ করেছেন তিনি।ধনু পাল বলেন, প্রতিবছরই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁদের। মহাষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল পূজা সপ্তমীতে। সপ্তমীর আগে সব প্রতিমার কাজ শেষ করতে পারলেই তাঁরা স্বস্তি পান।মালদাপাড়ার প্রতিমাশিল্পী ষষ্ঠী পাল জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে তিনি তাঁর তৈরি নয়টি প্রতিমার কাজ শেষ করেছেন। এর মধ্যে আটটির কাজ আগেই সম্পন্ন হয়েছিল। শেষ প্রতিমাটির কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পেরেছেন তিনি। তবে অন্য অনেক শিল্পীর কাজ তখনো বাকি ছিল।
বেড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ভৃগুরাম দাস বলেন, বেড়ার প্রতিমাশিল্পীদের সুনাম আশপাশের জেলাগুলোতেও রয়েছে। এ কারণে স্থানীয় এলাকার পাশাপাশি বাইরের বিভিন্ন পূজামণ্ডপ থেকেও তাঁরা প্রতিমা তৈরির ফরমাশ পান। একসঙ্গে বেশি কাজের দায়িত্ব নেওয়ায় প্রতিবছরই মহাষষ্ঠীর রাতে তাঁদের শেষ প্রতিমার কাজ সম্পন্ন করতে ব্যস্ত থাকতে হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত