ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় স্বস্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর

ছবি: সংগৃহীত

আগের অবস্থান থেকে সরে এসে পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ২০২৪ ও ২০২৫ সালের জমানো টাকার ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা হাজারো আমানতকারী স্বস্তি পেয়েছেন।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছিল, উল্লিখিত দুই বছরের আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না, যাকে ‘হেয়ারকাট’ হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে আমানতকারীদের অসুবিধা ও নতুন ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে।

যেসব ব্যাংকের আমানতকারীরা এই সুবিধা পাবেন, সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে, যেখানে ধীরে ধীরে পুরোনো ব্যাংকগুলোর সম্পদ, দায় ও জনবল স্থানান্তরিত হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ সময়কালে ব্যক্তিগত (অপ্রাতিষ্ঠানিক) মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতের ওপর ব্যাংক রেট অনুযায়ী বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দিতে হবে। এজন্য ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিদ্যমান সব আমানত স্থিতি পুনরায় হিসাবায়ন করতে হবে এবং সংশোধিত তথ্য তিন কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

যেসব ক্ষেত্রে ইতোমধ্যে ব্যাংক রেটের চেয়ে বেশি মুনাফা দেওয়া হয়েছে, সেখানে অতিরিক্ত অর্থ ভবিষ্যতের মুনাফার বিপরীতে কিস্তি আকারে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানত ছাড়া অন্যান্য আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন স্কিম অনুযায়ী, নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা সরবরাহ করেছে। এছাড়া বিভিন্ন শ্রেণির প্রাতিষ্ঠানিক আমানত থেকে নির্দিষ্ট অংশ শেয়ারে রূপান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে।

স্কিমে আরও বলা হয়েছে, পাঁচটি ব্যাংকের দুই লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনো সময় উত্তোলনযোগ্য হবে। দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর উত্তোলনের সুযোগ থাকবে, যেখানে সর্বোচ্চ দুই বছরের সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপিত হবে ঢাকার মতিঝিল এলাকায়।

Link copied!