ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ বিকাল

ছবি: সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে টানা জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। এই জয়ে বাছাইপর্বে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হলো এবং মূল বিশ্বকাপে খেলার পথে বড় এক ধাপ এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে দিলারা আক্তার ৩৫ ও শারমিন আখতার ২৮ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। মাঝের ওভারে সোবহানা মোস্তারি ২৪ বলে অপরাজিত ৩৪ রান করে ইনিংসের গতি ধরে রাখেন।

ইনিংসের শেষদিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। মাত্র ১৪ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংসে চারটি ছক্কা হাঁকিয়ে স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নেন তিনি। স্বর্ণার ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুটা মোটামুটি করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ও ধারালো ফিল্ডিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। দলটির অধিনায়ক বাউই টাউ সর্বোচ্চ ৩৫ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ১৩ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া রাবেয়া খাতুন ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন। ফিল্ডিংয়েও ছিল টাইগ্রেসদের চোখে পড়ার মতো তৎপরতা, রান আউটের মাধ্যমে ম্যাচের মোড় পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা।

শেষ পর্যন্ত পাপুয়া নিউগিনি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থেমে যায়। ৩০ রানের এই জয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান তৈরি করল বাংলাদেশ নারী দল।

Link copied!