আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো ধরনের অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে বাধ্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, যৌক্তিক কারণ দেখিয়ে ভেনু পরিবর্তনের দাবি জানানো হয়েছে, এতে মাথানত করার প্রশ্নই ওঠে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশের অবস্থান পরিষ্কার এবং তা আইসিসির কাছেও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে—ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানে না। আইসিসির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো লিখিত বা সরাসরি বার্তা পাওয়া যায়নি।
তিনি বলেন, যদি ভারতীয় বোর্ডের প্রভাবের কারণে আইসিসি বাংলাদেশের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সে শর্ত মানা হবে না। বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং দলের নিরাপত্তাই এখানে সর্বোচ্চ বিবেচ্য।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, অতীতেও এমন নজির রয়েছে, যেখানে যৌক্তিক কারণ দেখিয়ে ভেনু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর ভারতের ম্যাচের ভেনু পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, একই মানদণ্ড বাংলাদেশ ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।
বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেটে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই সব সিদ্ধান্ত হওয়া দরকার।

আপনার মতামত লিখুন :