ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত: ২০ সেনা নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ০৫:৪০ বিকাল

ছবি: সংগ্রহীত

জর্জিয়ায় আজারবাইজান সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২০ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজানের গানজা শহর থেকে উড্ডয়নের পর তুরস্কের সি-১৩০ কার্গো উড়োজাহাজটি জর্জিয়ার আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে।

বুধবার (১২ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাদের ইউনিফর্ম পরিহিত ছবিসহ এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার লিখেছেন, “আমাদের বীর সহযোদ্ধারা শাহাদত বরণ করেছেন।” তুরস্কের তদন্তকারীরা জর্জিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাখেতি জেলার সিগনাঘি এলাকায় ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন।

২০২০ সালের পর এটিই তুরস্কের সবচেয়ে ভয়াবহ সামরিক দুর্ঘটনা। জর্জিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা সাকােরোনাভিগাতসিয়া জানায়, উড়োজাহাজটি তাদের আকাশসীমায় প্রবেশের পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং কোনো বিপদ সংকেত পাঠায়নি।

আজারবাইজানের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর উড়োজাহাজ থেকে ঘন কালো ধোঁয়ার মেঘ আকাশে উঠছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি শহীদ সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তুরস্ক ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক সহযোগিতা রয়েছে। এর অংশ হিসেবে আঙ্কারা আজারবাইজানি সেনাদের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বাকুকে অস্ত্র সরবরাহ করে।

Link copied!